২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১০ কোটি টাকার অবৈধ সম্পদ’: আওয়ামী লীগ নেতা আতার বিরুদ্ধে মামলা

আতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।

‘১০ কোটি টাকার অবৈধ সম্পদ’: আওয়ামী লীগ নেতা আতার বিরুদ্ধে মামলা
কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান আতা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 10:58 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

দশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে মামলা দিয়েছে দুদক।

সোমবার বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি করেন বলে জানান দুদকের কৌঁসুলি আব্দুল মান্নাফ।

আতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন বলে মামলার এজাহারে দাবি করেছে দুদক।

আইনজীবী আব্দুল মান্নাফ বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ও (২) ধারায় মামলাটি কুষ্টিয়া জেলা ও দায়রা জজ তপন রায়ের আদালতে দাখিল করা হয়।

মামলায় বলা হয়, ভেড়ামারা উপজেলার ষোলদাগ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫০) রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন; যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে ২০২৪ সালের ১১ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আতাউর রহমান আতা ও তার স্ত্রী মোছা. শাম্মীয়ারা পারভীনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই সময় মামলাটি করেন তৎকালীন কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল।

পরে ওই মামলায় আতা এবং শাম্মীয়ারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে একই বছরের ৪ এপ্রিল আদালতে হাজির না হয়ে সরাসরি জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন নেন।