ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
ওসি বলেন, একটি মসজিদের দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নিখোঁজের একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় একটি মসজিদের দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ময়না (৯) ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
ওসি বলেন, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয় মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে আসে। এ সময় দোতলায় ময়নার মরদেহ পড়ে থাকতে দেথে তারা।
তিনি জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে।
