Published : 16 Jul 2026, 05:20 PM
পাবনার সুজানগর উপজেলায় মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় সুজানগর থানার ওসি ও এক কনস্টেবল আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
আহত সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের ভাষ্য, বুধবার ইংল্যান্ড-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ উপলক্ষে মথুরাপুর এলাকায় মানুষের সমাগম ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বা নাশকতার পরিকল্পনা করছেন।
এ তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।
পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছানোর পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। এরপর শতাধিক নেতাকর্মী ও কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন। হামলার সময় আব্দুল ওহাব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও পুলিশের দাবি।
তবে পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। তিনি বলেন, পুলিশের অভিযানের কারণে তিনি নিজেই এলাকায় যেতে পারেন না। ফলে ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না।
আব্দুল ওহাবের ভাষ্য, রাতে খেলা দেখার পর স্থানীয় কয়েকজন যুবক খিচুড়ি রান্না করে খাচ্ছিলেন। এ সময় পুলিশ গিয়ে ১০ থেকে ১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা এগিয়ে এসে তাদের ছাড়িয়ে নেন।
ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই পুলিশ সদস্য আহত হন বলে তিনি জানতে পেরেছেন।
পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।