২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে আক্কেলপুরের ওসি এখন এসআই

বিভাগীয় মামলায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে তিন বছরের জন্য পরিদর্শক থেকে এসআই পদে নামিয়ে আনা হয়েছে।

দুর্নীতির দায়ে আক্কেলপুরের ওসি এখন এসআই
জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি মাসুদ রানাকে একটি বিভাগীয় মামলার আদেশে পদাবনতি করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 07:44 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

দুর্নীতির দায়ে জয়পুরহাটের আক্কেলপুর থানার পরিদর্শক পদমর্যাদার ওসিকে পদাবনতি করে এসআই করা হয়েছে। 

বুধবার জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সাংবাদিকদের বলেন, আক্কেলপুরের ওসি মাসুদ রানাকে একটি বিভাগীয় মামলার আদেশে পদাবনতি করা হয়েছে। 

দুপুরে আক্কেলপুর থানার ওসির সরকারি মোবাইল নম্বরে ফোন করা হলে সেটি ধরেন পরির্দশক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম। তিনি বলেন, মাসুদ রানাকে জয়পুরহাট ডিএসবিতে বদলি করা হয়েছে। 

থানা সূত্র জানায়, মাসুদ রানা আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) হিসেবে প্রায় দুই বছর আগে যোগদান করেন। দুই মাস আগে থানায় ওসির দায়িত্ব পান। মঙ্গলবার তার পদাবনতি হয়।  

জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন। তখন তার বিরুদ্ধে পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিভাগীয় মামলা হয়। 

বিভাগীয় মামলায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে তিন বছরের জন্য পরিদর্শক থেকে এসআই পদে নামিয়ে আনা হয়। 

এ সংক্রান্ত চিঠি জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আসে। তারপরই তাকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয় বলে সূত্রটি জানায়।