লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
খোকন মিয়া উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. খোকন মিয়া (২২) উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
বৃহস্পতিবার দুপুরে পূর্ব ভেলাবাড়ী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রওশন কবির জানান।
মামলার বরাতে পুলিশ জানায়, ২৫ জুন আদিতমারী থানার ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় মোটরসাইকেল আরোহী হৃদয়কে (১৯) আটক করে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তখন খোকন মিয়া পালিয়ে যান।
২৬ জুন আদিতমারী থানায় দুজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমির হামজা নান্নু বলেন, “খোকনের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি এরই মধ্যে জেলা ছাত্রদলকে অবহিত করা হয়েছে। কেন্দ্র বা জেলা থেকে নির্দেশনা এলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
