প্রাইভেটকারের ধাক্কায় রোডরোলার থেকে ছিটকে চালকের মৃত্যু
পুলিশ জানায়, এ ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী মারাত্মক আহত হয়েছেন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় রোডরোলার থেকে ছিটক পড়ে চালকের প্রাণ গেছে।
উপজেলার তাড়াইল পূর্বপাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শরিফুল ইসলাম খান জানান।
নিহত ৩৫ বছর বয়সী বিভূতি ঢালী গোপালগঞ্জ শহরের বেদগ্রামের মণীন্দ্র চন্দ্র ঢালীর ছেলে।
ওসি বলেন, সড়ক ঠিক করার জন্য রোডরোলার নিয়ে গোপালগঞ্জ শহর থেকে কাশিয়ানী উপজেলার ফুকরা যাচ্ছিলেন বিভূতি। পথে ঢাকাগামী একটি প্রাইভেটকার রোডরোলারটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটির সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং রোলার থেকে ছিটকে পড়ে আহত হন বিভূতি। আহত হন প্রাইভেটকারের তিন আরোহীও।
পরে পুলিশ গিয়ে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিভূতিকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, প্রাইভেটকারের তিন যাত্রী মারাত্মক আহত হয়েছেন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
