২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় সিত্রাং: চাঁদপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ

শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়ন কেন্দ্রসহ ৩২৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 03:37 PM

Updated : 25 Oct 2022, 02:22 AM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। অতিবৃষ্টির কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। সিত্রাংয়ের কারণে চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে ঢাকা-চাঁদপুরের মধ্যে লঞ্চ চলাচল বন্ধের কথা জানিয়েছেন চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসাইন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে সোমবার ভোর থেকে চাঁদপুর-নারায়ণগঞ্জের মধ্যে ছোট লঞ্চগুলো বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে বেলা ১১টায় বন্ধ করা হয় ঢাকা-চাঁদপুরের মধ্যে চলাচলকারী লঞ্চ। এর আগে সকাল ৬টা থেকে সিডিউলে থাকা লঞ্চগুলো চাঁদপুর থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

আবহাওয়া অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা শাহ্ মোহাম্মদ শোয়েব বলেন, চাঁদপুর জেলার ও জেলার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৭ নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় জেলা প্রশাসনের জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস বলেন, উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদে আনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়ন কেন্দ্রসহ ৩২৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।

জরুরি খাদ্য হিসেবে ২৫ মেট্টিক টন চাল, পাঁচ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া বিকেলের মধ্যেই শুকনো খাবার এসে পৌঁছাবে বলে জানান এই কর্মকর্তা।