দাখিলে প্রক্সি: ৬ পরীক্ষার্থী বহিষ্কৃত, ২ শিক্ষকের কারাদণ্ড
ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং বদলি হয়ে পরীক্ষায় বসা ছয় ছাত্রী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কিশোরগঞ্জে বদলি ছাত্রীকে দিয়ে দাখিল পরীক্ষা দেওয়ায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার এবং তাদের সহায়তা করায় দুই শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের গাউছিয়া রহমানিয়া হোসাইনিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলার হাকিমিয়া হাবিবিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো. সোলাইমানকে (৪৫) ছয় মাস ও সহকারী শিক্ষক মো. সাদিকুর রহমানকে (৪২) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, দণ্ডিত দুই শিক্ষক গাউছিয়া রহমানিয়া হোসাইনিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ছিলেন।
“ওই কেন্দ্রে ওই দুই শিক্ষকের অনৈতিক সহায়তায় হাকিমিয়া হাবিবিয়া মহিলা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী ছয় ছাত্রীর পরিবর্তে বহিরাগত ছয় ছাত্রী দাখিল বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে।”
ইউএনও জানান, এই অপরাধে দুই শিক্ষককে দণ্ডের পাশাপাশি ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বদলি হয়ে পরীক্ষায় বসা ছয় ছাত্রী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে কেন্দ্র সচিবের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
