কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাবুকে চোখের জলে বিদায়, আমিনবাজারে শায়িত
দোকানের জন্য প্রসাধনী সামগ্রী কিনতে কলকাতায় গিয়েছিলেন তিনি।
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাভারের আমিনবাজারের বাসিন্দা আহম্মেদ বাবুকে দাফন করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে হিজলা পাঁচ মসজিদ বালুর মাঠে জানাজা শেষে আমিনবাজার কেন্দ্রীয় (বরদেশী) কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় বলে আহম্মেদ মেজো ভাই মনির হোসেন জানিয়েছেন।
এর আগে শনিবার বিকালে ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে আহম্মেদ বাবুসহ অগ্নিকাণ্ডে নিহত অন্যান্য বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রোববার ভোরে নিহত বাবুর কফিনবন্দি মরদেহ নিয়ে আমিনবাজারে পৌঁছান মনির। মরদেহ বেগুনবাড়ি এলাকার বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। সন্তানহারা মায়ের কান্না আর স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ।
আহম্মেদ বাবুর মরদেহ একনজর দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। প্রতিবেশীরা জানান, শান্ত ও পরিশ্রমী মানুষ হিসেবে এলাকায় বাবুর সুনাম ছিল।
৩৭ বছরী বয়সী আহম্মেদ বাবু বেগুনবাড়ি এলাকার আদম আলীর ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার সংসারে স্ত্রী, রোজা নামে আট বছরের একটি মেয়ে ও সোয়াদ নামে পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।
বেগুনবাড়ি এলাকার এমএ হোসেন টাওয়ারে ‘কিউট কসমেটিক্স’ নামে একটি প্রসাধনীর দোকান চালাতেন তিনি। দোকানের জন্য প্রসাধনী সামগ্রী কিনতে তিনি কলকাতায় গিয়েছিলেন।
নিহতের মেজো ভাই মনির হোসেন জানান, গত সোমবার রাতে ব্যবসায়িক কাজে কলকাতায় যান বাবু। সেখান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। কিন্তু হোটেলে আগুন লাগার পর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে ফোন করে তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। পরে হাইকমিশন থেকে পাঠানো ছবি দেখে পরিবারের সদস্যরা বাবুকে শনাক্ত করেন।
