শেরপুরে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষ-অগ্নিসংযোগ, আটক ১৮
হাজী নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে একজন আহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ১৮ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে হাজী নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসানা আল আলম জানান।
এ ঘটনায় ক্ষুরের আঘাতে আহত একাদশ শ্রেণির শিক্ষার্থী শাকিলকে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একাদশ শ্রেণির পরীক্ষা চলাকালে ফরহাদ নামে এক পরীক্ষার্থীকে একই শ্রেণির আমিনুল ইসলাম আকাশ ধাক্কা দেয়। এ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। তখন একপক্ষ ছাত্রদলের নেতাদের খবর দেয়। অপরপক্ষ এলাকার লোকজনকে খবর দেয়।
এর মধ্যেই শাকিলকে ক্ষুর দিয়ে আঘাত করা হয়। তখন এলাকার লোকজন ও শিক্ষার্থীরা মিলে ছাত্রদলের নেতাদের ধাওয়া দেয়। তখন তারা অফিসে গিয়ে আশ্রয় নেয়।
এদিকে, বিক্ষুব্ধরা তখন ছাত্রনেতাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছাত্রনেতারা কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকাল ৫টার দিকে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কলেজের চার শিক্ষার্থী ও বহিরাগতসহ মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ।
নন্নীর ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “ছাত্রশিবির ও পতিত আওয়ামী লীগ সরকারের কতিপয় বহিরাগত ব্যক্তিরা এসে কলেজের শিক্ষার্থীকে মারধর ও জখম করে।”
সহকারী পুলিশ সুপার আফসানা আল আলম বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
