১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে শিক্ষার্থীর আত্মহত্যা, চিরকূট উদ্ধার

পুলিশ জানায়, সৌমা শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত শরিফা ইয়াসমিন সৌমা (২১) খুলনার খালিশপুরের তায়েদুর রহমান এবং ফাতেমা আক্তার দম্পতির কন্যা।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান। 

পুলিশ জানায়, সৌমা শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট ও ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করেছে। ৪-৫ পৃষ্ঠার সুইসাইড নোটে তিনি তার মানসিক চাপ ও ব্যক্তিগত জীবনের নানা কষ্টের কথা লিখে গেছেন।

সহপাঠী ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, সৌমা দীর্ঘদিন ধরে পড়াশোনা এবং ব্যক্তিগত বিভিন্ন কারণে মানসিক চাপে ভুগছিলেন। তার এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ওসি শিবিরুল ইসলাম জানান, সৌমার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন সৌমার বাবা- মা। তারা পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।