২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় গেলেন নারী

নারীর স্বামী বলেন, বেশ কিছুদিন ধরেই স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে ‘জ্বীন-ভুতের আছর’ ভেবে স্থানীয়ভাবে ঝাঁড়ফুক করিয়েছেন তারা।

নওগাঁয় সন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় গেলেন নারী
শিশুটিকে উদ্ধারকারী খমির শেখকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 06:30 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

নওগাঁর পত্নীতলায় সেতুর ওপর থেকে ১৬ মাস বয়সী সন্তানকে আত্রাই নদীতে ফেলে দেওয়ার পর এক নারী থানায় গিয়ে নিজেকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।  

সৌভাগ্যক্রমে ঘটনাটি দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করেছেন স্থানীয় এক ব্যক্তি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আত্রাই নদীর মাহমুদপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পত্নীতলা থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান। 

তিনি বলেন, “বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে থানায় আসেন এক নারী।  তিনি নিজের কন্যাশিশুকে মাহমুদপুর ব্রিজ থেকে আত্রাই নদীর পানিতে ফেলে দিয়েছেন বলে জানান। এইজন্য তাকে গ্রেপ্তার করতে পুলিশকে অনুরোধ করেন ওই নারী।

“বিষয়টি শোনামাত্র পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় স্থানীয় খমির শেখ নামে এক ব্যক্তি শিশুটিকে পানি থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছেন।” 

পরে শিশুটিকে হেফাজতে নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত।

উদ্ধারকারী খমির শেখের বরাতে ওসি বলেন, “দুপুরে নদীতে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন খমির শেখ। হঠাৎ শিশুটিকে ফেলে দেওয়ার ঘটনাটি চোখে পড়ে তার। 

তাৎক্ষণিক নদী তীরে রাখা একটি নৌকার তালা ভেঙে শিশুটিকে উদ্ধারে এগিয়ে যান তিনি। 

পরে শিশুটিকে পানি থেকে তুলে প্রাথমিক চিকিৎসা দেওয়ারও চেষ্টা করেন তিনি। 

ওই নারীর স্বামী বলেন, তিন বছর আগে তাদের বিয়ে হয়েছে। কন্যা শিশুটি তাদের প্রথম ও একমাত্র সন্তান। বেশ কিছুদিন ধরেই তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে ‘জ্বীন-ভুতের আছর’ ভেবে স্থানীয়ভাবে ঝাঁড়ফুক করিয়েছেন তারা।  

এখন তারা মানসিক অসুস্থতার বিষয়টি বুঝতে পেরেছেন। তাই তার সুচিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শিশুটির বাবা আরও বলেন, এখন থেকে শিশুটি তার নানী-দাদীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবে। 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ঘটনাটি জানার পর আমি হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়েছিলাম। শিশুটিকে উদ্ধারকারী খমির শেখকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। ”

“শিশুর পরিবার আমাদের আশ্বস্ত করেছে যে তারা শিশুটির নিরাপত্তা নিশ্চিত করবেন এবং মায়ের দ্রুত মানসিক চিকিৎসার ব্যবস্থা করবেন”, বলেন পুলিশ সুপার।