২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ সুপার মারুফাত বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে রাতে জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে।

নাটোরে আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার
নাটোর সদর থানা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 04:06 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

নাটোর জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের ৩৩ জন নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার রাতে নাটোরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন।

আটকদের পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এর মধ্যে নাটোর সদর উপজেলায় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূইয়াসহ ১৮ জন, বড়াইগ্রামে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সায়েব আলীসহ দুই জন, সিংড়ায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টুসহ পাঁচজন, বাগাতিপাড়ায় দুই জন, লালপুরে চার জন ও গুরুদাসপুরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার মারুফাত বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে রাতে জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ৩৩জনের বেশিরভাগের নামেই আগের মামলা রয়েছে।

গ্রেপ্তারদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার। 

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, “শনিবার রাতে গণ গ্রেপ্তার চালানো হয়েছে। সেখানে বয়োজ্যেষ্ঠ জেলা আওয়ামী লীগের উপদেষ্টাকেও গ্রেপ্তার করা হয়েছে। 

“আজকে স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছে এবং সামনে করবে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। আমি এই গণ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”