Published : 18 Apr 2026, 10:07 PM
নাটোরে সারাদিন অপেক্ষা করে জ্বালানি তেল না পেয়ে গ্রাহকরা সড়ক অবরোধ করেছেন। পরে এ নিয়ে ধস্তাধস্তি ও মারধরে দুই গ্রাহক আহত হয়েছেন।
শনিবার বিকালে হরিশপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে মেসার্স রহিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ‘ফুয়েল কার্ড’ যাচাইয়ের মাধ্যমে তেল দেওয়া হচ্ছিল। বিকাল ৫টায় তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিলে গ্রাহকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তারা পাম্পের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন, এতে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেল সরবরাহের আশ্বাস দিলে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়।
তবে পরে পুলিশ উপস্থিত থাকাকালেই পাম্প কর্তৃপক্ষ তেল না দেওয়ার ঘোষণা দিলে গ্রাহক ও কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। এতে দুই গ্রাহক আহত হন।

ফিলিং স্টেশনের পরিচালক সাকিব আহমেদ বলেন, ফুয়েল কার্ড ঘিরে সকাল থেকেই ভিড় ও উত্তেজনা ছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কিছু লোক তেল নিতে চাইলে পরিস্থিতি জটিল হয়। তবে হামলার ঘটনায় পাম্প কর্তৃপক্ষ জড়িত নয় বলে তিনি দাবি করেন।
নাটোর সদর থানার (তদন্ত) ওসি মো. সাইফুল ইসলাম বলেন, তেল না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।