যানজটের সুযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ছিনতাই, আহত ২
ছুটিতে দেশে আসা সৌদি আরব প্রবাসীকে এগিয়ে আনতে মাইক্রোবাসে সোনাইমুড়ি থেকে ঢাকা যাচ্ছিলেন পরিবারের সদস্যরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় যানজটের সুযোগে প্রকাশ্য দিবালোকে একটি মাইক্রোবাসে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত হয়েছেন গাড়িটির দুই যাত্রী।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ।
আহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী তাহেরা বেগম (৬৫) ও আব্দুস সালাম (১৮)। তারা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা।
মাইক্রোবাস যাত্রী হানিফ মিয়া বলেন, “আমার ছোট ভাই হুমায়ুন কবির সৌদি আরব প্রবাসী। ছুটিতে সে আজকে বাংলাদেশে আসছে। তাকে এয়ারপোর্ট থেকে এগিয়ে আনতে ভোর সাড়ে তিনটার দিকে আমরা সোনাইমুড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হই।”
মাইক্রোবাসটিতে চালকসহ তারা চারজন ছিলেন জানিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় পৌঁছান। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হলে যানজটের সৃষ্টি হয়।
“যানজটে আটকে থাকার সময় হঠাৎ করে তিন-চার জন যুবক বটি, দা, রামদা নিয়ে আমাদের গাড়িতে হামলা করে। তারা আমাদের মারধর করে নগদ ২৮ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন নিয়ে যায়।”
হানিফ মিয়া আরও বলেন, “ডাকাতের হামলায় আমার মা তাহেরা বেগম, আমার ভাগ্নে আব্দুস সালাম আহত হয়েছেন। আমরা এই ঘটনায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছি।”
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
