২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

শেরপুর-ঢাকা মহাসড়কের শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পিটিআই’র সামনে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2024, 01:00 PM

Updated : 26 Aug 2026, 11:13 AM

শেরপুর সদর উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পিটিআইর সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার এসআই আনসার আলী।

নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারিয়া গ্রামের আব্দুস সামাদ আজাদের ছেলে ও অটোরিকশাটির চালক লোকমান হোসেন (৩৮), আলিনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেসুর রহমান (৭৮) ও তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), একই এলাকার শোভা রাণী (৩০), নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের কিংকরপুর গ্রামের মাইশা তাসনিম মীম (২২) ও তার বড় ভাই কামরুজ্জামান বাবু (২৮)। 

এসআই আনসার আলী জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে নকলা শেরপুররের দিকে যাচ্ছিল। পথে সাপমারী এলাকার জোড়া পাম্প সংলগ্ন পিটিআইয়ের কাছে পৌঁছালে কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

“সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ও চালকসহ পাঁচ জন নিহত হন। এসময় গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে এক নারী মারা যায়।”

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা হতাহতদের উদ্ধোর করে। আহত আরেকজন  শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, নিহতদের লাশগুলো ময়নাতদন্ত শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। শেরপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।