ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের ভেতর থেকে প্রায় ৮ লাখ টাকা চুরি
সোনালী ব্যাংকে পে-অর্ডারের ভাউচার লেখার সময় ক্যাশ কাউন্টারের সামনে রাখা টাকার ব্যাগ নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকের সাত লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে।
সোমবার দুপুরে পৌর এলাকার কুমারশীল মোড়ের সোনালী ব্যাংকের করপোরেট শাখায় এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে আবু ইউসুফ বাবু নামে এক ব্যক্তি জেলা সাব রেজিস্ট্রি কার্যালয়ের নামে সাত লাখ ৮০ হাজার টাকার পে-অর্ডার করতে ব্যাংকে যান। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশে বসে জমা ভাউচার লিখছিলেন।
এ সময় এক ব্যক্তি কৌশলে টাকার ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে আবু ইউসুফ ব্যাংক কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
আবু ইউসুফ বলেন, পে-অর্ডার করার জন্য টাকা নিয়ে ব্যাংকে গিয়েছিলেন। ভাউচার লেখার সময় তার সামনে রাখা ব্যাগটি নিয়ে যায়।
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মো. শরীফুল হক বলেন, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সময় তার অসাবধানতার সুযোগ নিয়ে এক ব্যক্তি ব্যাগ নিয়ে চলে যায়। ব্যাংকের সিসিটিভি ভিডিওতে ঘটনাটি ধরা পড়েছে।
ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ব্যাংক থেকে এক গ্রাহকের টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
