গোপালগঞ্জে কভার্ড ভ্যান চাপায় এসআই নিহত
ওই এসআই ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন বলে পুলিশ জানায়।
গোপালগঞ্জে রাস্তা পার হওয়ার সময় কভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে গোপালগঞ্জ-টেকেররহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান।
নিহত সাইফুল ইসলাম (৩৫) ফরিদপুর জেলার সালথা উপজেলার নকুলহাটি গ্রামের মো. আব্দুল মান্নান মোল্লার ছেলে।
তিনি গোপালগঞ্জে পুলিশের বিশেষ শাখা-এসবিতে কর্মরত ছিলেন।
ওসি মীর সাজেদুর বলেন, সাইফুল ইসলাম জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য আড়পাড়ায় যান। যেখানে কর্মী সম্মেলন হচ্ছিল তার পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, ওই সড়ক পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী একটি কভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল।
চালক কভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যান।
গোপালগঞ্জের এসপি মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি মীর সাজেদুর রহমান জানান।
