চাচার সঙ্গে মেঘনায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, নদীতে নামার পর ঢেউয়ের আঘাতে শিশু দুটি তলিয়ে যায়৷
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাচার সঙ্গে মেঘনায় গোসলে নেমে চার বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে৷ শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশনন্দী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ৷
নিহত মো. আদনান ওই এলাকার কবির হোসেনের এবং মো. আব্দুল্লাহ একই এলাকার আব্দুল হকের ছেলে৷
স্থানীয়রা জানান, দুই চাচাতো ভাই তাদের চাচা আব্দুল আজিজের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যায়৷ নদীতে নামার পর ঢেউয়ের আঘাতে দুই শিশু তলিয়ে যায়৷ আজিজ দুই ভাতিজাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে অন্যরা এগিয়ে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন৷
হাসপাতালে আনার আগেই আদনান-আব্দুল্লাহর মৃত্যু হয় বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসক জাহাঙ্গীর শেখ৷
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷
