নওগাঁয় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
নওগাঁ-১ আসনে মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকরা।
সোমবার দুপুরে পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীর সমর্থকরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।
সম্প্রতি বিএনপি ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে নওগাঁ-১ আসনে মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
বিক্ষোভের সময় বিএনপি নেতা নূরে আলম সুজা বলেন, এই আসনে বিগত দিনে সব আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিলেন ছালেক চৌধুরী। তিনি ত্যাগী, পরীক্ষিত ও কারানির্যাতিত। তার নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধ। তাকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীরা হতাশ। তারা এই আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।
একই দাবি জানান বিএনপি নেতা মনজুর রহমান। তিনি বলেন, “এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছেন। মনোনয়ন ঘোষণার পর থেকে তিন উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির উপর হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।”
