দখলমুক্ত হল গোপালগঞ্জের তিলবাড়ি খাল, খননের দাবি
“খালটি এখনো কিছু জায়গায় দখল করা আছে। পুরো খালটি দখলমুক্ত করে খননের দাবি জানাচ্ছি।”
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা তিলবাড়ি খালটি দখলমুক্ত করেছে প্রশাসন।
সোমবার দুপুরে অভিযান চালিয়ে খালের অবৈধ দখল উচ্ছেদ করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ জানিয়েছেন।
তিনি বলেন, “খালটি দখল করা হয়েছে এমন খবর পাওয়ার পর অভিযান চালানো হয়। প্রবহমান এই খালটি দখল বা ভরাট হলে এলাকার সাত থেকে আটটি গ্রামের কৃষি কাজ ব্যাহত হবে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, খালটি গত রোববার বাঁশের পাইলিং বসিয়ে অবৈধভাবে দখল করা হয়। খালের পাশে গড়ে ওঠা বিভিন্ন পাকা ভবন ও দোকান উচ্ছেদ করে পুরো খাল খননের দাবি জানিয়েছেন তারা।
কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু বলেন, “সেচসহ নানা ধরনের কাজে পুরনো এই খালটির পানি ব্যবহৃত হয়ে আসছে। খাল দখল হলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে।
“খালটি এখনো কিছু জায়গায় দখল করা আছে। পুরো খালটি দখলমুক্ত করে খননের দাবি জানাচ্ছি।”
অভিযানে কোটালীপাড়া থানা পুলিশের এসআই সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
