Published : 06 Feb 2026, 09:26 AM
খুলনায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে; যার বিরুদ্ধে মাদক এবং হত্যাচেষ্টার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগরীর লবণচরা থানার পূর্ব হরিণটানার কুবা মসজিদ এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানিয়েছেন।
নিহত ২২ বছর বয়সী রাকিব লবণচরার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
উপ-কমিশনার তাজুল ইসলাম বলেন, “রাকিব একটি সেলুনে বসে ছিলেন। হঠাৎ দুই যুবক এসে রাকিবকে সেখান থেকে টেনে বের করে রাস্তায় নিয়ে যায়।
“এরপর তারা রাকিবের মাথায় পর পর দুইটি গুলি করে। সে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রকিবকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। অনেকেই দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
পুলিশ কর্মকর্তা তাজুল ইসলাম বলছেন, “তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি। নিহত রাকিব হোসেনের বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন রয়েছে। এর একটি মাদক এবং অপরটি হত্যাচেষ্টা।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য ও মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।”
ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধারের খবরও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।