নরসিংদীতে মাছ শিকারের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু
ইলেকট্রিক শক ডিভাইসের সাহায্যে মেঘনায় মাছ ধরার সময় মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যান।
নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকারের সময় এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মেঘনা নদীর নয়াচরে এ ঘটনা ঘটে বলে জানান চাঁনপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলমাছ খন্দকার।
নিহত মনির মিয়া (১৬) ওই ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
মনির মিয়ার স্বজন মোস্তফা কামাল জানান, মনির ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইসের সাহায্যে মেঘনায় মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যান।
এ সময় সঙ্গে থাকা মৎস্য শিকারিরা তাকে উদ্ধার করে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, কিছু মৎস্য শিকারি পানিতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরেন। এভাবে মাছ ধরা খুবি ঝুঁকিপূর্ণ। এ পদ্ধতি ব্যবহারের কারণে পোনা মরে যাওয়ার পাশাপাশি মাছের ডিমও নষ্ট হয়ে যায়।
