২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিপুল আগ্নেয়াস্ত্র-গুলি-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫

গ্রেপ্তারদের মধ্যে তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2024, 11:28 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে দুই উপজেলায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

গ্রেপ্তাররা হলেন- চাটখিল পৌরসভার ছয়ানী টগবা গ্রামের বাবলুর ছেলে বাদল হোসেন (২১), রামনারায়নপুর ইউনিয়নের রুইতখালী এলাকার প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে মো. রবিন (২৮), কুমিল্লার লালমাই উপজেলার সৈয়দপুর গ্রামের প্রয়াত জাহাঙ্গীর আলমের ছেলে মুরাদ হোসেন (২২), সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের হাজী বাড়ির সাইফুল আলম মানিকের ছেলে মো. বাহার (৩০) এবং বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের কামাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৬)।

বিকালে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে ডিআইজি আহসান হাবীব বলেন, নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের টহল পুলিশ সায়েদ প্লাজার সামনে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করে ১২ কেজি গাঁজা ও ১০টি অস্ত্রসহ চারজনকে আটক করে। 

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়িতে অভিযান চালিয়ে নয়টি ম্যাগাজিন, পাঁচটি বিদেশি পিস্তল, দেশে তৈরি দুটি এলজি এবং পিস্তলের ২৭৭টি গুলিসহ বাহারকে আটক করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, বাদল হোসেন, রবিন এবং আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামের টিম তাদের গ্রেপ্তার করতে না পারলেও নোয়াখালীর টিম সফল হয়েছে।

ডিআইজি বলেন, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ প্রতিনিধি দল নিযুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিদের আদালতে তোলা হবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নেছাঁর উদ্দীন আহমেদ, নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব এবং সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্লাহ উপস্থিত ছিলেন।