Published : 03 Nov 2025, 07:43 PM
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে উপজেলার খুদিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান।
নিহত ইকতার আলী (৪০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিতলা গ্রামের পিয়ার আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইকতার আলী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। দুপুরে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা খড়বাহী অবৈধ লাটাহাম্বারের নিচে চাপা পড়েন ইকতার। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানায় পুলিশ।
ইকতার আলীকে হাসপাতালে আনার আগেই মারা যান বলে জানান চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাপলা খাতুন।
ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লাটাহাম্বারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।