Published : 31 Mar 2026, 06:47 PM
নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন এবং শিশু ধর্ষণ চেষ্টা মামলায় এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার মঙ্গলবার দুপুরে পৃথক এ দুই মামলায় এ রায় দেন।
যাবজ্জীবনপ্রাপ্ত গোলাম সারোয়ার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দা।
আর সাত বছরের দণ্ডপ্রাপ্ত বরকত উল্লাহ বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ওই এলাকার পাটোয়ারী বাড়ির রহমত উল্লাহর ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সেলিম শাহী বলেন, ২০১৮ সালে ৩ জানুয়ারি ভোররাতে গোলাম সারোয়ার তার স্ত্রী শাহানারা বেগমকে পেছন দিক থেকে গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করেন। পরে শাহানার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় শাহানারার বাবা রুহুল আমিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে নিহতের ছেলে সাইমুন নিজে বাবার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন।
পিপি মো. সেলিম শাহীন বলেন, একই আদালত ২০২০ সালের ৮ মার্চ বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর ভাই মো. ইয়ামিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) খ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করে বলে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানিয়েছেন।