১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুন্দরগঞ্জে আহত বিএনপি নেতা মারা গেছেন

শুক্রবার রাতে কয়েক ব্যক্তি ইলিয়াসকে রড দিয়ে মারধর করে।

সুন্দরগঞ্জে আহত বিএনপি নেতা মারা গেছেন
ইলিয়াস হোসেন

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 12:38 AM

Updated : 26 Aug 2026, 01:09 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতা ইলিয়াস হোসেন (৪২) মারা গেছেন। 

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

ইলিয়াস হোসেনের বাড়ি উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে। তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।  

এলাকাবাসীর বরাতে পুলিশ বলছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইলিয়াস হোসেন বাড়ির পাশে মাছের খামারে যাচ্ছিলেন। পথে কয়েক ব্যক্তি তাকে রড দিয়ে মারধর করে। রাতেই ইলিয়াসকে নেওয়া হয় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে রাতে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। 

সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। 

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আবদুল হাকিম আজাদ বলেন, লাশ এখনও রংপুরে আছে। এ নিয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।