২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি চাচাতো ভাই গ্রেপ্তার

এ নিয়ে এখন পর্যন্ত এ মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি চাচাতো ভাই গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার শিপন মিয়া।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 03:43 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ; যিনি নিহতদের চাচাতো ভাই।

মঙ্গলবার রাত ৮টায় জেলা শহরের বিলাসদী এলাকার ‘আল্লাহু চত্বর’ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

গ্রেপ্তার শিপন মিয়া উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আউয়াল মিয়ার ছেলে। এ নিয়ে এখন পর্যন্ত এ মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে শিপন মিয়াকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

এর আগে ঘটনায় দিন নিহতদের চাচি শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সময় তাদের বাড়ি থেকে পাঁচটি দা ও চারটি ছুরি জব্দ করা হয়।

উপজেলার চরসুবুদ্ধি এলাকায় ২০ বছর আগের পাওনা এক হাজার ৭০০ টাকার বিপরীতে বাড়ির জমি দাবি করার ঘটনায় শনিবার দুপুরে প্রয়াত আবু তাহেরের ছেলে হরুণ আলী ওরফে হুরা মিয়া (৪০) ও শাকিল মিয়াকে (২০) দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে। ঘটনার পরদিন হুরা মিয়ার মা জোসনা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করেন। 

মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচি শরীফা বেগমসহ ১১ জনকে আসামি করা হয় বলে জানায় পুলিশ। 

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ ভাইকে কুপিয়ে হত্যা