২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হাম পরীক্ষার ব্যবস্থা নেই: ২০ ভর্তি, আশঙ্কাজনক ২ শিশু

“হামের নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। চূড়ান্ত ফলাফল পেতে অন্তত সাত দিন সময় লাগে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 05:01 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

সিলেটে হামের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রোগ নির্ণয়ে পুরোপুরি ঢাকার ওপর নির্ভর করতে হচ্ছে।

এদিকে সিলেট বিভাগে হাম রোগের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।  

সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানান।

সিলেট স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেটে হাম রোগের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। ফলে রোগ নির্ণয়ের জন্য পুরোপুরি নির্ভর করতে হচ্ছে ঢাকার ওপর।

দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা পাঠানো হয় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে; যেখানে একমাত্র ল্যাবে হামের পরীক্ষা করা হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “হামের নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। চূড়ান্ত ফলাফল পেতে অন্তত সাত দিন সময় লাগে।

“এ সময় রোগীদের আইসোলেশনে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।’’

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক নূরে আলম বলেন, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে দুজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন ভর্তি রয়েছেন।

হাম রোগের লক্ষণ নিয়ে আসা এসব রোগীদের চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একটি বিশেষ আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।

বর্তমানে সেখানে ২০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে, তবে প্রয়োজন হলে তা বাড়িয়ে ৪০টি করা হবে বলে মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

নমুনা পরীক্ষায় নতুন করে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে জনিয়ে তিনি বলেন, “আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলায় তিন জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক জন রয়েছেন। বর্তমানে তারা সুস্থ আছেন।”

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, “হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি রোগীদের মধ্যে ১৪ জন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক।

“এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। ভর্তি রোগীদের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”