২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি তরুণী এখন নওগাঁর গৃহবধূ, থাকতে চান বাংলাদেশে

রাশিয়ায় কাজ করার সময় ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি যুবকের।

পাকিস্তানি তরুণী এখন নওগাঁর গৃহবধূ, থাকতে চান বাংলাদেশে
রবিউল ইসলাম ও ফাইজা আমজাদ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 05:29 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

জীবিকার তাগিদে কয়েক বছর আগে রাশিয়া যান নওগাঁর আত্রাই উপজেলার এক যুবক। সেখানে তার সঙ্গে পরিচয় হয় পাকিস্তানি এক তরুণীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই বছরের মাথায় পাকিস্তানের লাহোরে বিয়ে করেন তারা।

বিয়ের দুই মাসের মাথায় পাকিস্তানি তরুণী ফাইজা আমজাদ (২৫) ভালোবাসার মানুষ রবিউল ইসলামের সঙ্গে বাংলাদেশে এলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিনদেশি নববধূকে দেখতে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে রবিউলের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

৩৫ বছর বয়সি রবিউল ইসলাম বলেন, “কয়েক বছর আগে জীবিকার তাগিদে রাশিয়ায় যাই। সেখান ২০২৩ সালে ফাইজা আমজাদের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। এক পর্যায়ে তার সঙ্গে প্রেম হয়।

“পরে ফাইজা তার পরিবারকে আমাদের সম্পর্কের বিষয়ে জানান। প্রথমে ফাইজার বাবা-মা রাজী ছিলেন না। পরে পরিবারের সম্মতিতে ২২ অগাস্ট ফাইজার সঙ্গে পাকিস্তানে আমাদের বিয়ে সম্পন্ন হয়।”

ফাইজা আমজাদ বলেন, “আমি বাবা-মার তৃতীয় সন্তান। রাশিয়াতে পড়াশোনা করার সময় রবিউলের সঙ্গে পরিচয় হয়। তাকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। রবিউলের পরিবারের সদস্যরা আমাকে মেয়ের মতো গ্রহণ করেছেন।

“এলাকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পেরে মনে হচ্ছে, অনেক আগে থেকেই তাদের সঙ্গে আমার পরিচয় আছে।”

বাংলাদেশের নাগরিক হয়ে চিকিৎসক পেশায় নিজেকে আত্মনিয়োগ করতে চান পাকিস্তানি এ তরুণী।

রবিউলের মা বলেন, “উভয়পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। ছেলের বউকে খুব পছন্দ হয়েছে। বাড়িতে আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে।

“বিভিন্ন কাজে সহযোগিতা করছে। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন সবাই। বউ দেখে এলাকার মানুষও প্রশংসা করছেন।”

শাহাগোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মামুনুর রশিদ বলেন, “রবিউল ও ফাইজা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসেছিলেন। আমিও তাদের সঙ্গে কথা-বার্তা বলেছি। তারা একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।”

এক সপ্তাহ আগে নব-দম্পতি বহলা গ্রামে এসেছেন বলে জানান আত্রাই থানার ওসি মুনসুর রহমান।