Published : 24 May 2025, 08:07 PM
কুড়িগ্রামের ফুলবাড়ীর পর এবার ভূরুঙ্গামারী উপজেলা সীমান্ত দিয়ে ১২ জন বাংলাদেশিকে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
শনিবার সকালে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের দিয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা উপজেলার ভাসানী ও কচাকাটা মোড় থেকে তাদের আটক করেন বলে জানান ভূরুঙ্গামারী থানার ওসি আল-হেলাল মাহমুদ।
আটকরা হলেন- ফুলবাড়ী উপজেলার বড়লৈ গ্রামের এনামুল হক (৪০), তার স্ত্রী মর্জিনা বেগম (৩০) ও তাদের ১৬ বছরের এক ছেলে; একই উপজেলার সোনাইকাজী গ্রামের আতাউর রহমান (৩৮), তার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫), তাদের ছেলে আল আমিন (১৯) ও ১৬ বছরের এক মেয়ে, পুত্রবধূ মনিষা বেগম (২০) ও তার নয় মাসের এক ছেলে; একই উপজেলার নাগদহ গ্রামের আব্দুল মজিদ (৪২), তার স্ত্রী হালালি বেগম (৩৬) এবং তাদের ছেলে হালাল মিয়া (২০)।
বিকালে তাদের ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
আটকরা জানান, কাজের সন্ধানে প্রায় ১০ বছর আগে অবৈধ পথে ভারতে যান তারা। সম্প্রতি ভারতের পুলিশের হাতে আটকের পর তারা ২০ দিন জেলে বন্দি ছিলেন। শুক্রবার রাতে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেন। তাদের বাড়ি ফুলবাড়ি উপজেলায়।
একই রাতে বিএসএফ উপজেলার কচাকাটা থানা এলাকার কেদার ইউনিয়নে শোভারকুটি সীমান্ত দিয়ে দুই পুরুষ, দুই নারী, তিন শিশু এবং বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীরকুটি সীমান্ত দিয়ে এক নারী ও দুই শিশুকে ঠেলে দিয়েছে বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কেদার ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু মিয়া ও বলদিয়া ইউনিয়ন আনসার ভিডিপির কমান্ডার আব্দুল মান্নান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বিজিবি।
ওসি আল-হেলাল মাহমুদ বলেন, সীমান্তে ১২ নারী-পুরুষ ও শিশুকে আটকের পর বিকালে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার মধ্যরাতে বিএসএফ ফুলবাড়ী উপজেলা সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে; যাদের আটকের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি।