দাদার সঙ্গে বেরিয়ে নিখোঁজ, ধানক্ষেতে মিলল লাশ
“প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজ ১১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে দর্শনপাড়া ইউনিয়নের ধরমপুর বিলের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধারের খবর জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানার ওসি হাবিবুর রহমান।
নিহত আদিব আহনাফ ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি হাবিবুর রহমান বলছেন, রোববার রাতে তারাবির নামাজ পড়তে দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় আদিব। এরপর সে আর বাড়ি ফেরেনি।
“পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।”
নিহতের মামা মোকছেদ আলী বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যা। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
ওসি হাবিবুর বলেন, “নিহতের পরনে পাঞ্জাবি ও প্যান্ট ছিল। প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।”
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কর্ণহার থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
