২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

হামলার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 04:54 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।

বুধবার রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির ওসি শামছুল আলম শাহ।

গ্রেপ্তার শাওন সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকার মো. সেলিমের ছেলে।

ওসি শামছুল আলম শাহ বলেন, হামলার পর শাওন এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে মামলা হলে পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করায় জেলা পুলিশ ও ডিবিকে ধন্যবাদ জানাই। অপরাধীরা আইনের আওতায় এলে এ ধরনের অপরাধ কমে আসবে।

বুধবার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। তারা হলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি এবং দৈনিক কুমিল্লার কাগজের প্রধান প্রতিবেদক তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবদুল্লাহ আল মারুফ। 

সাংবাদিক তানভীর দীপু বলেন, “বুধবার দুপুরে আমরা সংবাদ সংগ্রহে লালমাইয়ের দিকে যাচ্ছিলাম। পদুয়ার বাজার মোড়ে যানজট দেখে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে উঠতে যাচ্ছিলাম। সড়কের সামনে স্থানীয়দের তৈরি লোহার বেরিকেডে কয়েকটি গাড়ি আটকে থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে আমি বেরিকেড সরিয়ে একে একে গাড়ি পার করার চেষ্টা করি।”

তিনি বলেন, “এ সময় শাওন এসে কেন যানজট নিরসনের চেষ্টা করছি, তা নিয়ে কথা-কাটাকাটি করে এবং একপর্যায়ে আমাকে ধাক্কা দেয়। পরে সহকর্মী মারুফ এসে আমাদের সরিয়ে নেন। এ সময় শাওন রড হাতে আমাদের দিকে তেড়ে এলে স্থানীয় লোকজন তাকে নিয়ে যায়। পরে আমরা গন্তব্যে যাওয়ার সময় সে পেছন থেকে এসে মারুফের ঘাড়ে আঘাত করে। এতে সে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আমিও এগিয়ে গেলে সে আমার ওপর হামলা করে।”