বানভাসিদের সহায়তায় ছবি বিক্রি করছেন চারুকলার শিল্পীরা
বরিশালে অর্থ সংগ্রহ কর্মসূচিতে দ্বিতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
বানভাসিদের সহায়তার জন্য নিজেদের আঁকা ছবি বিক্রি করে অর্থ সংগ্রহ করছেন বরিশালের চারুকলার শিল্পীরা।
শুক্রবার সকালে নগরীর হাসপাতাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে তাদের ছবি বিক্রি করতে দেখা গেছে।
চারুকলার সংগঠক সুশান্ত ঘোষ বলেন, বন্যার্তদের সহায়তার জন্য চারুকলার শিক্ষার্থীদের আঁকা ছবি বিক্রি করে অর্থ সংগ্রহ শুরু করা হয়েছে। মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে সহায়তা কার্যক্রমে যুক্ত হয়েছেন শিক্ষার্থীরা।
তাদের লক্ষ্য এক লাখ টাকা। এ জন্য ৫০টি ছবি তৈরি করা হয়েছে। শুক্রবার ২৫ হাজার টাকার ছবি বিক্রি হয়েছে। কর্মসূচিতে চারুকলা বরিশালের দ্বিতীয় শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
কর্মসূচির নেতৃত্বে থাকা শিল্পী তাপস কর্মকার বলেন, চারুকলার ৫০ শিল্পী ছবি এঁকেছেন। এসব ছবি শহর ঘুরে ঘুরে বিক্রি করা হচ্ছে। ছবি বিক্রির ক্যাম্পিং আরও কয়েকদিন চলবে। সংগ্রহ করা অর্থ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা করা হবে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাইফা বলে, “আমি টিভিতে বন্যার ছবি দেখেছি। পরে প্যাস্টেল রং দিয়ে বন্যার ছবি এঁকেছি।”
শিল্পী দলের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী নন্দিনী দাস প্রাচী জানান, মানুষের এই বিপদের দিনে শিল্পীরাও পাশে আছে এ উদ্যোগ তার প্রমাণ। শিল্পীদের আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে সবাই সাড়া দিচ্ছে।
এর আগেও সিলেটে বন্যার সময় চারুকলার শিল্পীদের আঁকা ছবি বিক্রি করে সংগ্রহ করা অর্থ ত্রাণ তহবিলে দিয়েছিল বলে জানান শিল্পী ঈশিকা ঘোষ।
চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী জানান, ভয়াবহ বন্যা মোকাবেলায় শিল্পীদেরও করণীয় রয়েছে, এই মনোভাব সবার মধ্যে কাজ করছে। তাদের এই কর্মসূচিতে দ্বিতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা এগিয়ে এসেছে।
বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাই কিছু করতে চান; এমন আগ্রহ থেকে চারুশিল্পীরা তাদের তৃপ্তি নিয়ে এগিয়ে এসেছেন বলে তিনি জানান।
