২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবি কলেজ ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি’, অনশনে শিক্ষকরা

হুমকির ঘটনাকে বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র দাবি করে শনিবার দুপুর ১টার থেকে শহীদ মিনারে অনশনে বসেছেন শিক্ষকরা।

বাকৃবি কলেজ ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি’, অনশনে শিক্ষকরা
ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ‘বোমা মেরে উড়িয়ে দেওয়া ও শিক্ষকদের মারধরের হুমকি’র প্রতিবাদে অধ্যক্ষ আতাউর রহমান অন্য শিক্ষকদের নিয়ে আমরণ অনশনে বসেছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 05:45 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ‘বোমা মেরে উড়িয়ে দেওয়া ও শিক্ষকদের মারধরের হুমকি’র প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন অধ্যক্ষ আতাউর রহমান। তার সঙ্গে রয়েছেন অন্য শিক্ষকরাও।

হুমকির ঘটনাকে বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র দাবি করে শনিবার দুপুর ১টার থেকে শিক্ষকরা শহীদ মিনারে অনশনে বসেছেন।

শিক্ষকরা জানান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ দেশের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে একটি সুন্দর খেলার মাঠ। নিষেধ সত্ত্বেও এই মাঠে বহিরাগত ও কলেজের সাবেক শিক্ষার্থীরা জোর করে খেলতে আসেন। 

এতে কলেজের স্থাপনা ও গাছপালা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া কলেজের গেইট সংলগ্ন কাকলি ক্লাবে বসে বহিরাগতরা কলেজের মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেন বলেও অভিযোগ শিক্ষকরে।

রসায়ন বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম বলেন, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনশন চলবে। বিষয়টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কলেজ সভাপতিকে জানানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সবাই বদ্ধপরিকর বলে জানান তিনি। 

অধ্যক্ষ আতাউর রহমান বলেন, “বহিরাগতরা সরাসরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত কলেজকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। সুন্দর প্রতিষ্ঠানটিকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। তাই আমাদের পাশাপাশি কলেজের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে।”

হুমকির অভিযোগ অস্বীকার করে কলেজের সাবেক শিক্ষার্থী আল-আমীন আহমেদ হৃদয় মণ্ডল বলেন, “৫ অগাস্টের পর আমরা কলেজ মাঠে খেলাধুলা করতে পারছি না। স্যাররা কলেজের গেইট বন্ধ করে দিয়েছেন। স্যারদের হুমকির দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 

“তারা ব্যানারে বোমা মেরে কলেজ উড়িয়ে দেওয়া হবে লিখে অনশন করছেন, আমরা যদি তা বলে থাকি তাহলে প্রমাণ সাপেক্ষে যে ব্যবস্থা নেওয়া হবে তা মাথা পেতে নেব। তবে আমাদের দাবি কলেজ ছুটির পর যেন সেখানে খেলাধুলা করতে পারি।”