ঈশ্বরদীতে হাসপাতালে চিকিৎসাধীন রুশ নাগরিকের মৃত্যু
মঙ্গলবার দুপুরে পেট ব্যথা নিয়ে শহরের আলো জেনারেল হাসপাতালে ভর্তি হন রাশিয়ান নাগরিক লিভাইনা ইউলিয়া।
পাবনার ঈশ্বরদীতে চিকিৎসাধীন অবস্থায় এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে শহরের বেসরকারি আলো জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।
মৃত রুশ নাগরিকের নাম লিভাইনা ইউলিয়া (৩২)। তিনি রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ওসি জানান, মঙ্গলবার দুপুরে পেট ব্যথা নিয়ে শহরের আলো জেনারেল হাসপাতালে ভর্তি হন রাশিয়ান নাগরিক লিভাইনা ইউলিয়া। চিকিৎসা গ্রহণের পর শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার ভোরে ইউলিয়া একাই টয়লেটে যান। টয়লেট থেকে ফিরতে দেরি হওয়ায় কর্তব্যরত নার্স দরজা বন্ধ দেখে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ দরজা ভাঙলে ইউলিয়াকে টয়লেটের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি অরবিন্দ সরকার বলেন, “মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”
আরও পড়ুন:
