২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গুলিতে কলেজছাত্র নিহত, শেখ হাসিনার নামে হত্যা মামলা

৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে গুলিতে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত মারা যান।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 09:03 PM

Updated : 26 Aug 2026, 10:19 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে পিটিয়ে ও গুলি করে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

ঘটনার ১৭ দিন পর নিহত মো. আব্দুল আহাদ সৈকতের বাবা মো. নজরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলাটি করেন বলে জানান সাভার মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম।

মামলায় ১২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

নিহত ১৭ বছর বয়সি সৈকত বগুড়ার সোনাতলা থানার উত্তর দিঘলকান্দি গ্রামের বাসিন্দা। সে সাভার পৌর এলাকার শাহীবাগে পরিবারের সঙ্গে থেকে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণিতে পড়াশুনা করত।

মামলায় শেখ হাসিনা ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল গণি, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মণ্ডল, সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, ভাকুর্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগ সভাপতি ফারুক হাসান তুহিন, মাজহারুল ইসলাম রুবেল, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের এপিএস শামীম আহমেদ, সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক, রাজু আহমেদ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি মোবারক হোসেন খান পলক, কামরুল হাসান শাহীন, মেহেদী হাসান তুষার, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, জাকির হোসেন ওরফে মামা জাকির, মো. ইসরাফিল, মাসুম দেওয়ান, আহমেদ ফয়সাল নাঈম তূর্য্য, পাভেল ওরফে তোতলা পাভেল, নুরুল আমীন রানা ওরফে ব্যস্ত রানা, মুকুল, সেলিম আহমেদ ওরফে জুট সেলিম এবং পৌর কাউন্সিলর হাজী সেলিম মিয়াকে আসামি করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আব্দুল আহাদ সৈকত সাভার থানা সড়কের মুক্তিমোড় এলাকায় যান। সেখানে তিনি শিক্ষার্থীদের দাবির পক্ষে সহমত পোষণ করে ছাত্র আন্দোলনে যোগ দেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে এবং প্ররোচনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। 

হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে এলোপাথাড়ি মারপিট ও গুলি বর্ষণ করেন। সেই সময় আব্দুল আহাদ সৈকতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম বলেন, মামলা নথিভুক্ত হয়েছে। আসামিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

গাজীপুরে হত্যা মামলা: আসামি হাসিনা-কাদের-কামালসহ ১৩৯

সেই ট্রাইব্যুনালে 'গণহত্যা'র অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে