২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধ: নোয়াখালীতে মায়ের মরদেহ আটকে হাতাহাতি ২ ভাইয়ের

মৃত্যুর প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে স্বামীর কবরের পাশে আমেনা বেগমের দাফন সম্পন্ন হয়।

জমির বিরোধ: নোয়াখালীতে মায়ের মরদেহ আটকে হাতাহাতি ২ ভাইয়ের
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে মায়ের মরদেহের সামনে হাতাহাতিতে জড়ান দুই ভাই।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 09:25 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে মায়ের মরদেহ আটকে রেখে হাতাহাতিতে জড়িয়েছেন দুই ভাই। 

বৃহস্পতিবার উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

মৃত নারীর নাম আমেনা বেগম (৬৫)। তিনি ওই গ্রামের প্রয়াত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী। বুধবার বিকালে তিনি জেলার বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে মারা যান।

স্থানীয়রা জানান, আমেনা বেগমের মৃত্যুর আগে তার নামে থাকা জায়গা ছোট ছেলে সাইফুল্লাহ নিজের নামে লিখে নেন অভিযোগ বড় ছেলে নজিব উল্ল্যাহর। 

সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, বুধবার আমেনা বেগমের মরদেহ দাফনের জন্য শাহজাদপুর গ্রামে তার স্বামীর বাড়িতে নেওয়া হয়। এ সময় মায়ের জমি রেজিস্ট্রি করা নিয়ে নজিব উল্ল্যাহের সঙ্গে সাইফুল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। 

এক পর্যায়ে মায়ের মরদেহ সামনে রেখে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই ভাই এবং তাদের বিরোধে লাশ দাফন আটকে যায়।  

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন জানিয়ে এই কর্মকর্তা আরও বলেন, “মায়ের দাফন শেষে স্থানীয় লোকজন বৈঠক করে তাদের পারিবারিক সম্পত্তির বিরোধ নিষ্পত্তি করে দেবে মর্মে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এমন প্রাথমিক সমঝোতায় মায়ের মরদেহ দাফনে দুই ভাই সম্মত হয়েছে।“ 

এরপর মৃত্যুর প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় স্বামীর কবরের পাশে আমেনা বেগমের দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার রুবাইয়া।