২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ: বিজিবি ও পুলিশের উপস্থিতিতে হস্তান্তর

“বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে জাকারিয়ার লাশ হস্তান্তর করা হয়।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 01:56 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া বাংলাদেশি এক যুবকের লাশ হস্তান্তর করা হয়েছে।   

শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার উৎমা সীমান্ত এলাকা দিয়ে লাশটি হস্তান্তর করা হয় বলে বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানিয়েছেন।  

মৃত ২৩ বছর বয়সী জাকারিয়া আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকার লামাগ্রামের আলাউদ্দিন আলাইয়ের ছেলে।

গত সোমবার জাকারিয়া বিয়ে করেছিলেন তার বাড়ির লোকজন জানিয়েছেন।  

বৃহস্পতিবার দুপরে উৎমা সীমান্ত এলাকার বিপরীতে সীমান্তের ১২৫৮ পিলারের কাছে ভারতের ভেতরে একটি গাছে জাকারিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি বিজিবি ও পুলিশকে জানান।

এরপর কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

জাকারিয়ার পরিবারের বরাতে পুলিশ বলছে, বৃহস্পতিবার ভোরে প্রশ্রাব করার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন জাকারিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জাকারিয়া আহমদের বাবা আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, “আমার ছেলের কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল না। বুধবার রাতে আমরা সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাই। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হই। বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছে ভারত সীমান্তের ভেতরে জাকারিয়ার লাশ গাছে ঝুলছে বলে খবর পাই।” 

তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।  

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে জাকারিয়ার লাশ হস্তান্তর করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ভোরে প্রস্রাব করতে বের হন সিলেটের যুবক, লাশ মিলল ভারতে