১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রাম সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফয়ের বাধা

দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর সদস্যদের বৈঠকের পর বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয় বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফয়ের বাধা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কাঠগীর এলাকায় পাকা সড়ক নির্মাণের কাজ চলছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2025, 11:54 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সীমান্তে পাকা সড়ক নির্মাণ কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। 

রোববার রাত ১২টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান শিলখুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কোরবান আলী বাবু।

শিলখুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকা করণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এর মধ্যে সীমান্ত লাগোয়া কিছু দূর রাস্তা খোঁড়াখুঁড়ির সময় বাধা দেয় বিএসএফ।

ইউপি সদস্য বাবু বলেন, “রোববার রাতে ঠিকাদারের লোকজন ভেকু দিয়ে সড়কটি খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলাকার শালমারা দিগলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে বাধা দেন। 

“পরে তারা বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলেন। এ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক হয়। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।”

ঠিকাদার শাহিন সিকদার বলেন, “চলতি অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের দুই কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার সড়ক পাকা করণের কাজ চলছে। 

“এ অবস্থায় সীমান্তের কাছাকাছি আড়াইশ মিটার সড়ক নির্মাণে বিএসএফ বাধা দিয়েছে। তবে বাকি কাজ চলমান রয়েছে। বিএসএফ-বিজিবির মধ্যে আলোচনা হলে বাকি কাজ করা হবে। তবে এ নিয়ে কোনো উত্তেজনা নেই।”

বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়; থাকলে পরে জানান হবে বলে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটলিয়নের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।