কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, ২ যুবক গ্রেপ্তার
“একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়।”
কুমিল্লা নগরীতে দুই যুবককে আটকের পর বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাজেশ বড়ুয়া জানান।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামের আলী হাসান রিয়াদ (২৯) এবং চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের শামীম হোসেন (২৮)।
ওসি রাজেশ বড়ুয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শাসনগাছা মীম হাসপাতালের সামনে থেকে প্রথমে আলী হাসান রিয়াদকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে, তার সহযোগী শামীমকেও একই এলাকা থেকে আটক করে পুলিশ।
“পরে শামীমের বাড়িতে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়।”
