Published : 26 Apr 2026, 04:33 PM
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কাঁচা চা পাতা কাটার সময় বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার সকালে ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা বাগানে এ ঘটনা ঘটে বলে আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান জানান।
নিহত ২৫ বছর বয়সী সোহরাওয়ার্দী সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)।
ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বলেন, “সকালে সোহরাওয়ার্দীসহ কয়েকজন শ্রমিক চা পাতা তুলতে বাগানে যান। এ সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে এবং হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।
“এক পর্যায়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন। অন্য শ্রমিকরা বাকিদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যেতে পারলেও সোহরাওয়ার্দী পথেই মারা যান।”
গুরুতর আহত মোস্তফা ও জাহেরুল ইসলামকে পরে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওসি মতিয়ার বলেন, বজ্রপাতে নিহত চা শ্রমিকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।