কোটা: হবিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত শতাধিক
সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয়েছে সরকারি বেশ কয়েকটি স্থাপনা ও যানবাহন।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি পয়েন্টে চার ঘণ্টা ধরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ শিক্ষার্থী ও পথচারীসহ আহত হয়েছে অন্তত শতাধিক।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে চলা এই সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ব্যবহার করেছে। আটক করা হয়েছে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীকে।
এছাড়াও সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয়েছে সরকারি বেশ কয়েকটি স্থাপনা ও যানবাহন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়- সকাল ১২টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিল যাবার সময় পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়।
এসময় শিক্ষার্থীরাও ইট-পাটকেল ছুঁড়ে, পালটা মুহুর্মুহু গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, নার্সিং ইন্সস্টিটিউট, সিভিল সার্জনের বাসভবন, ইপিআই ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
থানার মোড় ছাড়াও শহরের শায়েস্তানগর এলাকায়ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কোর্ট মসজিদ রোড এলাকায় জড়ো হন হাজারো শিক্ষার্থী। পুলিশ বাধা দিলে সেখানেও ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আন্দোলনকারীদের দমাতে সাঁজোয়া যানের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা যোগ দেয়।
সাড়ে ৪টা পর্যন্ত পুলিশ বিজিবি ও র্যাব সদস্যদের থেমে থেমে সংঘর্ষ চলছিল আন্দোলনকারীদের।
এদিকে সাধারণ আন্দোলনকারীদের সমর্থন দিয়ে তাদের সঙ্গে যোগ দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে শহরের টাউন হল রোড এলাকা ছাড়তে বাধ্য হয় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ।
এ বিষয়ে হবিগঞ্জ সদর সার্কেলের এএসপি খলিলুর রহমান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের যানমাল ও নিরাপত্তায় পুলিশ কাজ করছে।
