১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শিয়াল টেনে বের করল শিশুর লাশ, পরে মিলল আরও দুই মরদেহ

পিবিআইয়ের কর্মকর্তা বলেন, মরদেহগুলো ক্ষত বিক্ষত ও আঙ্গুল না থাকায় নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

শিয়াল টেনে বের করল শিশুর লাশ, পরে মিলল আরও দুই মরদেহ
কাকচর নয়াপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:06 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

ময়মনসিংহের ত্রিশালের এক ধানক্ষেত থেকে এক নারী ও দুই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন। 

তাদের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। তবে, নিহত নারীর বয়স (৩৫) ও দুই শিশুর একজনের বয়স তিন বছর ও অপরজনের ছয় বছর হতে পারে।

শামীম হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে কাকচর নয়াপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী কামরুল ইসলামের ধান ক্ষেতের গর্ত থেকে একটি শিশুর মরদেহ থেকে টেনে বের করে শেয়াল। মরদেহের খণ্ডিত অংশ কুকুর-বিড়ালে টেনে-হিঁচড়ে খাচ্ছিল। 

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ত্রিশাল থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে গর্ত খুঁড়ে নারী ও আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা নাইমুর রহমান বলেন, “দুপুরে লাশের কিছু অংশ শিয়াল-কুকুর খাচ্ছিল, বিষয়টি দেখে পুলিশকে খবর দেই পরে পুলিশ এসে খণ্ডিত তিনটি মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি অপরাধীদের বিচার দাবি করছি।”

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ধারণা করা হচ্ছে, নিহতরা এই এলাকার না। আনুমানিক সপ্তাহখানেক আগে অন্য কোথাও ওই তিনজনকে হত্যার পর ওই নির্জন জায়গায় ধানক্ষেতের পাশের ঝোঁপে মাটিচাপা দিয়ে রেখেছে খুনীরা। 

ময়মনসিংহ পিবিআইয়ের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, মরদেহগুলো ক্ষত বিক্ষত ও আঙ্গুল না থাকায় নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবু পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। 

মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।