খাগড়াছড়িতে বাইকে চাঁদের গাড়ির ধাক্কা, পর্যটক নিহত
মোটরসাইকেলে করে সাজেক পর্যটন কেন্দ্র থেকে ঘুরে খাগড়াছড়ি হয়ে রাঙামাটি যাচ্ছিলেন আয়ুব ও নাঈম।
খাগড়াছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে; এ সময় একজন আহত হয়েছেন।
সোমবার দুপুর ২টায় সদরের গুগড়াছড়ি এলাকায় খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই মো. রিযাজ উদ্দিন জানান।
নিহত আয়ুব মনছুরের বাড়ি ফেনীর লস্করহাটে। আহত নাঈম হোসেন ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা।
এসআই বলেন, মোটরসাইকেলে করে সাজেক পর্যটন কেন্দ্র থেকে ঘুরে খাগড়াছড়ি হয়ে রাঙামাটি যাচ্ছিলেন আয়ুব ও নাঈম। গুগড়াছড়ি এলাকায় চাঁদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় মোটরসাইকেলটি।
“এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আয়ুবের মৃত্যু হয়। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।”
স্বজনরা আসার পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
