২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন: সিরাজগঞ্জে এ্যানি

ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সব ষড়যন্ত্র প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 10:38 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে মুখে পদত্যাগের পর ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সরকারি কলেজ মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতা এ্যানি বলেন, “বিগত ১৬ বছর শেখ হাসিনা জনগণের কণ্ঠরোধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন। দেশের লাখ লাখ কোটি অর্থ ও সম্পদ লুটপাট করেছেন। মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। গণতন্ত্রকে ‘গলাটিপে হত্যা’ করেছেন।

“তার কর্মের ফল হিসেবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তবে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সব ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।”

শেখ হাসিনা ও তার দোসরদের ‘ষড়যন্ত্র’ মোকাবেলা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব।

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে সমাবেশে রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি ইউনুস সিকদার, হামিদুল ইসলাম দুলাল এবং সহসভাপতি আরিফ বিএসসি বক্তব্য দেন।