ঝিনাইদহে বিদেশ থেকে পাঠানো টাকা নিয়ে দ্বন্দ্বে বড় ভাই খুন
“এ সময় জুয়েল রান্না ঘর থেকে বটি এনে বড় ভাইয়ের ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হন।”
ঝিনাইদহ সদর উপজেলায় এক প্রবাসীর বটির আঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
রোববার বিকালে বেতাই গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহত সোহেল রানা (৪১) ওই গ্রামের সফিউদ্দীনের ছেলে। তার ছোট ভাই জুয়েল রানা দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন।
বেতাই গ্রামের নুরুল মালিথা বলেন, বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব দিতে না পারায় দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে রোববার বিকালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে বড় ভাই সোহেল রানা এক পর্যায়ে ছোট ভাই জুয়েলের দিকে শাবল ও কুড়াল ছুড়ে মারে।
“এ সময় জুয়েল রান্না ঘর থেকে বটি এনে বড় ভাইয়ের ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হন।”
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার পরপরই ছোট ভাই জুয়েল পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
