Published : 07 Jun 2026, 04:55 PM
হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইনে ত্রুটির কারণে নারায়ণগঞ্জের শহর ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
পূর্বঘোষণা ছাড়া রোববার সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসির নারায়ণগঞ্জ দক্ষিণের প্রধান প্রকৌশলী কামাল হোসেন বলেন, “হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে লাইনে ত্রুটি দেখা দেওয়ায় ওই কেন্দ্র থেকে সরবরাহকৃত এলাকাগুলোতে বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।”
ডিপিডিসি জানিয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি লাইন মেরামতের কাজ করছে; তবে কখন নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা এখনো নিশ্চিত নয়।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের চাষাঢ়া, উকিলপাড়া, গলাটিপা, কালিরবাজার, আমলাপাড়া, টানবাজার, কাশীপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় সকাল থেকে বিদ্যুৎ নেই।
টানবাজারের ব্যবসায়ী সিজান আহমেদ বলেন, “সকাল ১০টায় মার্কেটে গিয়ে দেখি কারেন্ট নাই। তীব্র গরমে খুবই খারাপ অবস্থা। পরে দোকান বন্ধ করে বাসায় চলে আসছি ১টায়। এখন বাসায় এসে দেখি, এখানেও কারেন্ট নাই।”
কাশীপুরের বাসিন্দা রেহানা পারভীন বলেন, “আমাদের বাড়িতে গ্যাস সংযোগ নেই। রান্না চলে ইলেক্ট্রিক চুলাতে। সকাল থেকে বিদ্যুৎ না থাকায় খাবার কিনে খেতে হয়েছে।”
পূর্বঘোষণা ছাড়া দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তীব্র কোনো ঘোষণা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে বলে এ এলাকার আরেক বাসিন্দা কুলসুম বেগম জানিয়েছেন।
তিনি বলেন, “বিদ্যুৎ আসতে দেরি হবে এমন কোনো মাইকিং আমরা শুনিনি। যার কারণে রেগুলার লোডশেডিং ভেবে পানি স্টোর করে রাখিনি। এখন তো বিদ্যুৎ দেরিতে আসলে পানির সংকটেও পড়তে হবে।”
তবে নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন।
ডিপিডিসির প্রকৌশলী কামাল হোসেন বলেন, “হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রটি পিজিসিবির অধীনে পরিচালিত। তারা ত্রুটি মেরামত শেষ করলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।”
তিনি বলেন, কখন নাগাদ কাজ শেষ হবে, সে বিষয়ে পিজিসিবি তাদের কিছু জানায়নি।
বুধবার বিকাল ৫টার দিকে তিনি বলেন, “ভিন্ন লাইন থেকে বিতরণের মাধ্যমে আপাতত কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চলছে। তবে, আগামী দুদিন এজন্য লোডশেডিং দেখা দিতে পারে।”