২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ‘নিষিদ্ধ’, সোমবার থেকে ক্লাস

রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 12:41 AM

Updated : 10 Sep 2026, 12:14 PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সোমবার থেকে শুরু হবে পাঠদান।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত আলাদা অফিস আদেশ এ তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন।

অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের ৮৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না। 

রোববার থেকে সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। 

পাঠদান চালুর আদেশে উল্লেখ করা হয়েছে, সিন্ডিকেটের ৮৫তম সভার সিদ্বান্ত অনুসারে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি চলবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়া বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের মধ্যে জুলাইয়ের শেষ দিকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ৫ অগাস্ট তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।