শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
যাবজ্জীবন ছাড়াও অপহরণের দায়ে আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। দুই সাজা একসঙ্গে চলবে।
শেরপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন বলে বিশেষ পিপি গোলাম কিবরিয়া বুলু জানান। তবে মামলায় জামিনের পর থেকে আসামি পলাতক।
দণ্ডপ্রাপ্ত টুটুল মিয়া (২৮) শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মো. দিলহাস উদ্দিনের ছেলে।
আসামিকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা; যা না দিলে আরও ছয় মাসের কারাবাসে থাকতে হবে। এ ছাড়া অপহরণের দায়ে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; যা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। উভয় সাজা একইসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু মামলার নথির বরাতে জানান, ভুক্তভোগী শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর শোলারচর গ্রামের কৃষক পরিবারের মেয়ে ও পাশের ভীমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে ২০২০ সালের ১২ মে নানার বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথে স্থানীয় নাওভাঙ্গা ব্রিজ থেকে তাকে অপহরণ করে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যান পাশের এলাকার টুটুল মিয়া। পরে ওই স্কুলছাত্রীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন ওই যুবক।
তিনি জানান, ঘটনার দুইদিন পর স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে টুটুল মিয়া, তার বাবা-মা ও ছোটভাইকে আসামি করে শেরপুর সদর থানায় একটি মামলা করেন। মামলার একদিন পর গ্রেপ্তার হন টুটুল। তদন্ত শেষে একই বছরের ২৬ সেপ্টেম্বর একমাত্র টুটুল মিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে থানা পুলিশ।
বিচার প্রক্রিয়ায় বাদী, ভুক্তভোগী ও চিকিৎসকসহ সাতজনের সাক্ষ্য নেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
